আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, আল্লাহ মানুষকে আজ ক্ষমতা দেন, আবার তা কেড়েও নেন। তাই ক্ষমতায় এসে মানুষের প্রতি সহমর্মী ও নত হওয়াই একজন ভালো মানুষের পরিচয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ফেনী সদর উপজেলার শর্শদিতে ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঞ্জু বলেন, “ক্ষমতা আজকে আছে, কালকে নাই। সে মানুষটাই ভালো, যিনি ক্ষমতা পাওয়ার পর মানুষের প্রতি সহমর্মী হন, হিংসা-বিদ্বেষ ভুলে যান এবং মানুষের প্রতি নত হন। আজ যারা ক্ষমতায় আসছেন তারা আমাদের ভাই। আমরা আশা করব আপনারা জনগণের প্রতি দরদি হবেন।”
তিনি আরও বলেন, ক্ষমতাসীনদের উচিত জনগণের দুঃখ-দুর্দশায় পাশে থাকা। “আপনারা যদি ন্যায়সঙ্গতভাবে কাজ করেন, তাহলে আমাদের আগের মতো সহকর্মী হিসেবে পাবেন। আর যদি কোনো ভুল করেন, আমরা সেই ভুল ধরব এবং প্রতিবাদ করব,”—যোগ করেন তিনি।
শর্শদি বাজার কনভেনশন হলে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ফয়জুল্লাহ এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মোহাম্মদ ইয়াসিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শর্শদি দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা ইসমাইল হায়দার, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আনম আব্দুর রহিম, এবি পার্টির জেলা নেতা মাস্টার আহসান উল্লাহ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহমুদ ইমতিয়াজ, ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক তারিক ইকবাল মনি, তাঁতী দলের জেলা শাখার সদস্য সচিব ইয়াসিন বাবু, কৃষক দলের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন রিয়াদ, ইসলামী আন্দোলনের নেতা মীর হোসেন মীরু ও ইউনিয়ন যুবদল নেতা কাজী ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে দুপুরে এবি পার্টির জেলা কার্যালয়ে দলটির ছাত্র সংগঠন ‘ছাত্রপক্ষ’-এর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা আহ্বায়ক নুসরাত জাহান প্রমার সভাপতিত্বে এবং সদস্য সচিব রাফসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মজিবুর রহমান মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির জেলা আহ্বায়ক মাস্টার আহছান উল্যাহ, সদস্য সচিব ফজলুল হক ও অর্থ সম্পাদক মাস্টার শাহীন সুলতানী প্রমুখ।