নতুন গভর্নর নিয়োগের খবরে বাংলাদেশ ব্যাংক থেকে বিদায় নিয়েছেন বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুর।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তিনি সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা না বলেই কার্যালয় ত্যাগ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নানা আলোচনা ও জল্পনা তৈরি হয়েছে।
অফিস ত্যাগের সময় সাংবাদিকরা তার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, “আমি এ বিষয়ে শুনছি, তবে নিশ্চিত কিছু জানি না।”
তিনি পদত্যাগ করেছেন নাকি অপসারণ করা হয়েছে—এমন প্রশ্নের জবাবে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “আমি কিছুই জানি না, তবে শুনেছি আমি আর নেই।”
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ড. মনসুরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
এদিকে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমান-এর নাম আলোচনায় রয়েছে। অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের একাধিক সূত্র জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক শিক্ষাবিদকে গভর্নর পদে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রক্রিয়া সম্পন্ন হলে আজই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।