Home Archives

লন্ডন বিডি টিভি

প্রকাশ : শনিবার, ২৮ মার্চ ২০২৬,

প্রাক্তন স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুললেন ইকরা

শেয়ার করুন:

পাকিস্তানি মডেল ইকরা নাসির সিদ্দিকী তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শরীরে আঘাতের চিহ্নের ছবি প্রকাশ করে তিনি ন্যায়বিচার দাবি করেন এবং থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। তবে অভিযোগ প্রকাশের কিছুক্ষণ পরই রহস্যজনক কারণে তিনি পোস্টটি মুছে ফেলেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ১১ ফেব্রুয়ারি তাকে মারধর করা হয়। ইকরার অভিযোগ, তার প্রাক্তন স্বামী দীর্ঘদিন ধরে তাকে শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন এবং এক পর্যায়ে ছুরি দিয়ে প্রাণনাশের হুমকিও দেন। এ ঘটনায় তিনি পাকিস্তান দণ্ডবিধির ৩৫৪ ও ৫০৬ ধারায় পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে আঘাতের চিহ্ন এবং এফআইআরের কপি শেয়ার করে ইকরা লিখেছিলেন, দীর্ঘদিন ধরে তিনি নির্যাতন সহ্য করছিলেন। তবে আর নীরব না থাকার সিদ্ধান্ত নিয়ে তিনি লেখেন, “নীরবতা অপরাধীকে রক্ষা করে, ভুক্তভোগীকে নয়।”

পোস্টে পবিত্র কোরআনের সুরা ইব্রাহিমের একটি আয়াত উদ্ধৃত করে তিনি বলেন, “জালেমরা যা করে আল্লাহ তা থেকে গাফেল নন।” তিনি অত্যাচারকে শক্তির নয়, বরং ভীরুতার পরিচয় হিসেবে উল্লেখ করেন এবং ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত করে সব নারীর নিরাপত্তা ও সাহসের জন্য দোয়া চান।

তবে অভিযোগ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রাম থেকে পোস্টটি সরিয়ে ফেলেন ইকরা। বর্তমানে তার প্রোফাইলে ওই অভিযোগ বা সংশ্লিষ্ট ছবির কোনো অস্তিত্ব নেই। কী কারণে বা কারও চাপে তিনি পোস্টটি মুছে ফেলেছেন কি না—এ বিষয়ে এখনো কোনো ব্যাখ্যা দেননি এই মডেল।